Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

May 07, 2026 09:08:14 PM   অনলাইন ডেস্ক
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বহুল আলোচিত এই ঘটনায় নিহত এক শিক্ষার্থীর বাবার করা মামলার আবেদন বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আদালতে শুনানি শেষে নাকচ করা হয়।

ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম বিকেলে এই আদেশ দেন। এর আগে সকালে একই আদালতে মামলার আবেদন করেন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত তার জবানবন্দি গ্রহণ করলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। পরে বিকেলে মামলার আবেদন খারিজের সিদ্ধান্ত জানান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন সাবেক উপদেষ্টা, উচ্চপদস্থ কর্মকর্তা, বিমানবাহিনীর কর্মকর্তাসহ মোট ১৬ জনকে আসামি করার আবেদন জানানো হয়েছিল।

তাদের মধ্যে ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের এবং বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং রাজউকের কয়েকজন কর্মকর্তাকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়।

আবেদনের বর্ণনায় বলা হয়, গত বছরের ২১ জুলাই আসামিদের তত্ত্বাবধানে থাকা একটি ‘ত্রুটিপূর্ণ’ প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। পরে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হলে ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৫ জন নিহত হন। ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও ১৭২ জন আহত ও দগ্ধ হয়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার আর্জিতে দাবি করা হয়, তৎকালীন সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মাদ ইউনূস সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিলেও দায়িত্ব পালনে অবহেলা ও প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ আনা হয়।

এছাড়া অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা কার্যক্রমে যথাযথ নির্দেশনা না দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়। বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নের অনুমতি দেওয়ার অভিযোগ আনা হয়।

অন্যদিকে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়, পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ ছাড়াই ভবনটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় প্রাণহানি বেড়েছে। একই সঙ্গে রাজউক ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও পরিচালনার অনুমতি দেওয়ার অভিযোগ আনা হয়।

এই ঘটনায় আদালতের সিদ্ধান্তের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে দুর্ঘটনার দায়, প্রশাসনিক জবাবদিহিতা এবং ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।