Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / “ভোটটা আমরা উদযাপন করতে চাই, অভিযোগ নয়”- ভিপি প্রার্থী আবিদুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

“ভোটটা আমরা উদযাপন করতে চাই, অভিযোগ নয়”- ভিপি প্রার্থী আবিদুল

September 09, 2025 10:40:57 AM   দেশেরপত্র ডেস্ক
“ভোটটা আমরা উদযাপন করতে চাই, অভিযোগ নয়”- ভিপি প্রার্থী আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জানিয়েছেন, তিনি নিয়ম ভেঙে নয়, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোটটা আমরা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।”

এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন। তবে সে বিষয়ে আবিদুল বলেন, “আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। কোনো নিয়ম ভাঙিনি।”

এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থীদের জন্য কোনো আলাদা পরিচয়পত্র তৈরি করেনি। ফলে মেয়েদের হলে স্থাপিত ভোটকেন্দ্রে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে ভোট পর্যবেক্ষণ এবং প্রার্থীর অধিকার প্রয়োগে অসুবিধার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, ডাকসু নির্বাচনে ভোটার, প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রার্থীদের অভিযোগ, অনেক কেন্দ্রে এখনো ভোট গ্রহণে ধীরগতি রয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা সব কেন্দ্র পর্যবেক্ষণ করছে এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।