


চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির যুগপৎ আন্দোলনের অংশীদার ১২ দলীয় জোটের নেতারা। বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তারা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশের সমস্ত বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতাদের বক্তব্য অনুযায়ী, বিদেশি কোম্পানির নিকট কনটেইনার টার্মিনাল দ্রুত হস্তান্তর করা দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে এবং এটি জাতীয় স্বার্থের পরিপন্থী। তারা আরও বলেন, বন্দর বিদেশিদের হাতে দেওয়ায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়বে। টার্মিনাল ও বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নও যুক্ত রয়েছে।
জোটের নেতারা উল্লেখ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের নীতিনির্ধারণের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। পূর্বের স্বৈরাচারী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল; বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ তা পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে। দেশের জনগণ, জনমত ও জনআকাঙ্ক্ষার বিপরীতে যে কোনো কার্যক্রম তীব্র জনরোষের কারণ হবে।
নেতারা আরও বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পূর্বের স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করে দেশবিরোধী চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে। তারা অনতিবিলম্বে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এই ধরনের চুক্তি বা বন্দরের বিদেশি হস্তান্তরের পরিকল্পনা থেকে বিরত থাকতে। অন্যথায়, ১২ দলীয় জোট দেশের জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে বৃহৎ গণআন্দোলন গড়ে তুলবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।