Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বদলগাছী থানার কাছেই প্রকাশ্যে মাদক সেবন, এলাকাবাসী উদ্বিগ্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বদলগাছী থানার কাছেই প্রকাশ্যে মাদক সেবন, এলাকাবাসী উদ্বিগ্ন

May 14, 2026 07:34:40 PM   অনলাইন ডেস্ক
বদলগাছী থানার কাছেই প্রকাশ্যে মাদক সেবন, এলাকাবাসী উদ্বিগ্ন

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ উঠেছে। বদলগাছী থানার মাত্র আধা কিলোমিটার দূরত্বে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা দাবি করেছেন।

সরেজমিনে দেখা গেছে, সেনপাড়ার বিভিন্ন নির্জন স্থান, রাস্তার পাশে এবং আম বাগানে মাদকসেবীরা নিয়মিত গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল সেবন করছিল। তথ্য সংগ্রহের সময় মাদকসেবীরা সংবাদকর্মীকে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছে। এই ধরণের আচরণের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বহিরাগত যুবকরা সেখানে আড্ডা দেয় এবং অশালীন আচরণ করে। থানার এত কাছে এমন কর্মকাণ্ড চললেও কোনো দৃশ্যমান অভিযান দেখা যায়নি বলে তারা অভিযোগ করেন। অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে মাদকের সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণরা বিপথে যাচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়তে পারে বলে তাদের ধারণা।

সচেতন মহলের মতে, মাদক শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক অবক্ষয়ের বড় কারণ। দ্রুত প্রশাসনিক নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এলাকাবাসী এই এলাকায় দ্রুত পুলিশি টহল জোরদার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে এবং এই তৎপরতা নিয়মিত অব্যাহত ছিল। তিনি আরও বলেন, পুলিশের কাছে মাদক সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য থাকলে তা জানাতে এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে।