


নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় আন্দোলনকারীরা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি এবং ‘পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ’ বর্জনের ঘোষণা দেন। এদিকে কর্মীদের কর্মবিরতির কারণে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ সেবাগ্রহীতারা।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফরিদ উদ্দিন ভূঞা, মো. মোকারিম হোসেন ও কিরিট মজুমদার, পরিবার কল্যাণ সহকারী তাছলিমা আক্তার ঝিনুক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা লতিফা খানম।
বক্তারা বলেন, সারা দেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মী জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও সুনির্দিষ্ট নিয়োগবিধি না থাকায় আমরা চরম বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে কাজ করলেও পদোন্নতি হচ্ছে না। এছাড়া বেতন গ্রেড উন্নীতকরণসহ চাকরিগত অন্যান্য ন্যায্য সুযোগ-সুবিধা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি।”