Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / বিএনপিকে নিয়ে দেশের নেতৃত্ব নেবে জামায়াত: ডা. শফিকুর রহমানের অঙ্গীকার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

বিএনপিকে নিয়ে দেশের নেতৃত্ব নেবে জামায়াত: ডা. শফিকুর রহমানের অঙ্গীকার

November 28, 2025 06:29:38 PM   দেশেরপত্র ডেস্ক
বিএনপিকে নিয়ে দেশের নেতৃত্ব নেবে জামায়াত: ডা. শফিকুর রহমানের অঙ্গীকার

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে তার দল নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করা হবে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার ভাষানটেকে ঢাকা-১৭ আসনের প্রার্থীর পক্ষ থেকে আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। যারা জাতিকে বিভক্ত করে, তারা জাতির শত্রু। আমরা জনগণের সম্পদ লুটপাট করার অভিজ্ঞতা রাখি না, আমাদের দলীয় কর্মীদের চাঁদাবাজি করার অভিজ্ঞতা নেই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণ কায়েম করার অভিজ্ঞতাও আমাদের নেই। সর্বপর্যায়ে দুর্নীতিতে জড়ানোর অভিজ্ঞতা আমাদের নেই।"

তিনি পুরোনো রাজনীতির সমালোচনা করে নতুন ফর্মুলায় দেশ গড়ার ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা এমন জনগণের সরকার গড়তে চাই, যেখানে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি নিজের স্বার্থের আগে জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে এবং দুর্নীতিতে জড়াবে না।"

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় জামায়াতকে নির্বাচিত করে, তারা অন্য রাজনৈতিক দলকেও বাদ দেবেন না। তিনি সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানিয়ে বলেন, সবাইকে একসাথে নিয়ে দেশ গড়ার কাজ শুরু করা হবে।

জামায়াত আমির বর্তমান ব্যবস্থারও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "ফ্যাসিবাদ বিদায় নেয়নি; বরং এটি বাংলাদেশে 'ফেসি' হিসেবে রয়ে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী এবং মা-বোনদের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফ্যাসিবাদীদের পাঁচটি লক্ষণ আজও বিদ্যমান। বিপুল রক্ত ও ত্যাগ সত্ত্বেও জনগণ স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে পারেনি।"

তিনি প্রশ্ন তোলেন, "আমাদের মাটির নিচে বিপুল খনিজ সম্পদ এবং সমুদ্রের নিচে অমূল্য সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না?"

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বাইরে পালায়নি। "আমরা দেশের ভিতরে ছিলাম, দেশের মাটিকে ধরেছি, বুকে জড়িয়েছি। জেলও ভোগ করেছি, জীবনও দিয়েছি। কিন্তু দেশ ছেড়ে পালাইনি, কারণ আমরা এই দেশ, এই মাটি এবং এই মানুষকে ভালোবাসি।"