Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ফিফা কংগ্রেসে যেতে গিয়ে কানাডায় ঢুকতে পারলেন না ইরান ফুটবল প্রধান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফিফা কংগ্রেসে যেতে গিয়ে কানাডায় ঢুকতে পারলেন না ইরান ফুটবল প্রধান

April 30, 2026 01:56:52 PM   ক্রীড়া ডেস্ক
ফিফা কংগ্রেসে যেতে গিয়ে কানাডায় ঢুকতে পারলেন না ইরান ফুটবল প্রধান

ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডার ভ্যাঙ্কুবারে যাওয়ার চেষ্টা করেছিলেন ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। তবে শেষ পর্যন্ত তাকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি কানাডা। ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর তাকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ও ইরানি সংবাদমাধ্যম। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসএ টুডে জানিয়েছে, মেহেদি তাজ ফিফা কংগ্রেসে অংশ নিতে ভ্যাঙ্কুবারে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ফেডারেশনের মহাসচিব হেদায়াত মমবেইনি এবং ডেপুটি হামিদ মোমেনি।

প্রতিবেদন অনুযায়ী, কানাডার ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে প্রাথমিকভাবে অস্থায়ী রেসিডেন্ট পারমিট দিলেও পরে পরিস্থিতি পরিবর্তিত হয়। অভিযোগ ওঠে, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে তিনি “অনুপযুক্ত আচরণ” করেছেন, যা পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে আসে তার অতীত সম্পৃক্ততা। জানা গেছে, মেহেদি তাজ একসময় ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন কমান্ডার ছিলেন। কানাডা সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে, এবং এই সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

ধারণা করা হচ্ছে, ভ্যাঙ্কুবারে পৌঁছানোর পর তাকে কিছু সময় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তার প্রবেশাধিকার বাতিল করে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে পরবর্তী ফ্লাইটে ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কানাডার অভিবাসন মন্ত্রণালয় সরাসরি কোনো নির্দিষ্ট ঘটনার মন্তব্য না করলেও তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জানায়, আইআরজিসি সংশ্লিষ্ট ব্যক্তিদের কানাডায় প্রবেশের অনুমতি নেই। একইসঙ্গে তারা অভিবাসন নীতির কঠোর বাস্তবায়ন এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।

এই ঘটনার ফলে ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক অংশগ্রহণের বিষয়টি আবারও সামনে এসেছে।