Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / নয়াপল্টনে বিএনপির মে দিবসের সমাবেশ, প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নয়াপল্টনে বিএনপির মে দিবসের সমাবেশ, প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

May 01, 2026 12:54:21 PM   দেশেরপত্র ডেস্ক
নয়াপল্টনে বিএনপির মে দিবসের সমাবেশ, প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটিই হতে যাচ্ছে তার প্রথম জনসভা, যা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা। আয়োজকরা জানিয়েছেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, মহান মে দিবসের তাৎপর্য সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান, সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিকবার সমন্বয় বৈঠক করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এতে ব্যাপক জনসমাগম হবে। সে লক্ষ্যে ঢাকা ও আশপাশের জেলা থেকে শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।

সমাবেশের কারণে রাজধানীর যান চলাচলেও কিছুটা প্রভাব পড়বে। আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে এবং যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে। তবে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের সুবিধা। সব মিলিয়ে, মে দিবসের এই সমাবেশ বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক জমায়েতে পরিণত হতে যাচ্ছে, যেখানে শ্রমিকদের অধিকার ও রাজনৈতিক বার্তা একসঙ্গে উঠে আসবে।