


শেরপুরের নালিতাবাড়ীতে বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি। সাদ্দাম হোসেন সাগর নামের ওই ভুক্তভোগী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘাগড়া বাজারে এই সংবাদ সম্মেলন করেন। এতে তিনি তার বাবা জালাল উদ্দিন ও সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত বড় ভাই রেজাউল করিমের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন।
লিখিত বক্তব্যে সাগর অভিযোগ করেন, তার বাবা জালাল উদ্দিন ভিটেবাড়িসহ মোট ১১২ শতক জমি বড় ছেলে রেজাউলের নামে লিখে দিয়েছেন। সম্প্রতি জমি বিক্রির ১৫ লাখ টাকাও তাকে দেওয়া হয়। এছাড়া, ময়মনসিংহে যৌথভাবে জমি কেনার কথা বলে রেজাউল তার কাছ থেকে সাড়ে ২২ লাখ টাকা নিলেও সেই জমি নিজের নামে রেজিস্ট্রি করেন এবং টাকাও ফেরত দেননি।
সাগর আরও জানান, তার মেয়ের নামে লিখে দেওয়া ২৫ শতক জমি তিনি বিক্রি করতে চাইলে বাবা ও ভাই মিলে বাধা দেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও তারা কোনো সমাধান মানতে রাজি হননি। একপর্যায়ে একটি বৈঠকে বাবার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই ঘটনাকে 'বাবাকে মারধর' হিসেবে সাজিয়ে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মিথ্যা মামলা করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সেনাবাহিনীতে কর্মরত বড় ভাই রেজাউল করিম প্রভাব খাটিয়ে সেই মামলার তদন্ত প্রতিবেদন নিজের পক্ষে লিখিয়ে নিয়েছেন। পরিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি সুবিচারের আশায় সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন।