


ঢাকার ধামরাইয়ে একটি বাড়িতে গোপনে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যা পরে সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করে অর্থ কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়, যার ভিত্তিতেই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয় এবং সেখানে ৬০০ লিটার ডিজেল মজুতের সত্যতা পাওয়া যায়। তবে ঘটনার সময় বাড়িতে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা ডিজেল পরবর্তীতে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি আরও বলেন, “অবৈধভাবে জ্বালানি মজুতের তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে। যারা অবৈধভাবে জ্বালানি মজুত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, জ্বালানি তেলসহ যেকোনো অবৈধ মজুতের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।