


ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিল বুধবার (২৬ নভেম্বর) বাদ জোহর ধানমন্ডি ১৫ নম্বরে অবস্থিত মধুবাজার মাদরাসাতুল ফালাহ এতিমখানায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুধু দোয়া নয়, এতিম শিশুদের মাঝে খাবারও বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। সুচিকিৎসার সুযোগ তো দেওয়া হয়নি; বরং এমন পরিবেশে আটকে রাখা হয়েছিল যাতে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়।"
ব্যারিস্টার অসীম আরও বলেন, খালেদা জিয়ার পরিবার বারবার আবেদন জানিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু সরকার তা বিবেচনায় নেয়নি। তিনি মনে করেন, খালেদা জিয়ার প্রতি ফ্যাসিস্ট সরকারী নীতি ও প্রতিহিংসার কারণে এ ধরনের অমানবিক আচরণ হয়েছে।
তিনি বলেন, "খালেদা জিয়াকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার নানা চেষ্টা হয়েছে, কিন্তু তা কখনও সফল হয়নি। তিনি এখনও বাংলাদেশের রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক, এবং তার আপসহীন নেতৃত্বের ওপর জাতির আস্থা অটুট রয়েছে।"
দোয়া মাহফিলের সমাপ্তিতে ব্যারিস্টার অসীম আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা প্রত্যাশা করি, আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।"