Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / দশমিনায় মৎস্য সম্পদ রক্ষায় আধুনিকায়ন ব্যবস্থা নেওয়া হবে: নুরুল হক নুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

দশমিনায় মৎস্য সম্পদ রক্ষায় আধুনিকায়ন ব্যবস্থা নেওয়া হবে: নুরুল হক নুর

May 09, 2026 08:18:41 PM   অনলাইন ডেস্ক
দশমিনায় মৎস্য সম্পদ রক্ষায় আধুনিকায়ন ব্যবস্থা নেওয়া হবে: নুরুল হক নুর

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে আধুনিকায়ন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার নন্দী, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান, বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ এবং দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা। আরও অংশ নেন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার এবং ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগী জেলেরা।

মৎস্য অফিস জানিয়েছে, উপজেলার দশমিনা, বাঁশবাড়ীয়া, রনগোপালদী ও চরবোরহান ইউনিয়নের তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মার্চ ও এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ ছিল। এই সময়ে বেকার হয়ে পড়া ৮০০ জন জেলের কষ্ট লাঘবে সরকারি এই সহায়তা দেওয়া হচ্ছে। সহায়তার প্রতিটি প্যাকেজে রয়েছে ২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ২ কেজি লবণ এবং ১০ লিটার সয়াবিন তেল। গত বুধবার এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এই ধরণ এর আধুনিকায়ন ব্যবস্থা জেলেদের জীবনমান বদলে দেবে। সরকার মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, জেলেরা যাতে অনাহারে না থাকে এবং তাদের পেশাগত মান উন্নত হয়, সেজন্য সব ধরণ এর সরকারি সহায়তা নিয়মিত অব্যাহত থাকবে। এই ধরণের মহৎ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।