Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দুলাভাই থেকে প্রেমিক, পরে গর্ভের সন্তানসহ হত্যা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুলাভাই থেকে প্রেমিক, পরে গর্ভের সন্তানসহ হত্যা!

May 18, 2026 07:35:19 PM   অনলাইন ডেস্ক
দুলাভাই থেকে প্রেমিক, পরে গর্ভের সন্তানসহ হত্যা!

রংপুরে গর্ভের সন্তানসহ প্রেমিকাকে হত্যা মামলায় প্রেমিক মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করার সময় বগুড়ার সান্তনা বেগমের (৩০) সঙ্গে পরিচয় হয় রংপুরের পীরগঞ্জ উপজেলার মাসুদ মিয়ার। প্রথমে দুলাভাই-শ্যালিকার সম্পর্ক থাকলেও পরে তা প্রেমে রূপ নেয়। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন।

তদন্তে জানা যায়, বিয়ের জন্য চাপ দিতে থাকলে মাসুদ নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সান্তনা। পরে মাসুদ নিজ বাড়ি পীরগঞ্জে চলে এলে গত ২০২৩ সালের ১২ জুলাই সান্তনা তাকে খুঁজতে সেখানে যান এবং বিয়ের দাবি জানান।

মামলার এজাহার ও আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, মাসুদ বিয়ের আশ্বাস দিয়ে সান্তনাকে প্রথমে খালার বাড়িতে নিয়ে যান। পরদিন তাকে একটি আখক্ষেতে ডেকে নিয়ে গলায় পা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে পেটে লাথি মারলে মৃত কন্যাসন্তান প্রসব হয় বলে তদন্তে উঠে আসে।

ঘটনার পরদিন পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের একটি আখক্ষেত থেকে সান্তনা ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে র‌্যাব গাজীপুরের তারাগঞ্জ এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করে। আদালতে তিনি ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তফা কামাল ২০২৪ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, “এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।” অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।