Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / জামরুল দেওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামরুল দেওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ!

May 15, 2026 09:57:07 PM   অনলাইন ডেস্ক
জামরুল দেওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ!

ভোলার সদর উপজেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জামরুলের লোভ দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার উত্তর দিঘলদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত গোপাল একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। গত বুধবার (১৩ মে) দুপুরে মাদ্রাসা ছুটির পর দুই সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল সে। পথিমধ্যে অভিযুক্ত গোপাল দেবনাথের বাড়ির সামনে পৌঁছালে তিনি গাছ থেকে পাড়া জামরুল দেওয়ার কথা বলে ছাত্রীদের ঘরের ভেতর ডাকেন। তারা ভেতরে প্রবেশ করলে গোপাল দরজা আটকে দেওয়ার চেষ্টা করেন। এসময় অন্য দুই সহপাঠী পালিয়ে যেতে সক্ষম হলেও ওই কিশোরীকে আটকে ফেলেন তিনি। কিশোরী চিৎকার করতে চাইলে মুখে কাগজ গুঁজে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনার পর কিশোরী বাড়িতে ফিরে পরিবারকে বিস্তারিত জানালে তাকে দ্রুত ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোনায়েদ হোসেন জানান, কিশোরী বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার হাসপাতালে ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা এবং ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেছেন।