


চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় পাখিভ্যানের ধাক্কায় রোজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজা ওই গ্রামের রাজু হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল রোজা। এই সময় দ্রুতগতির একটি চলন্ত পাখিভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, গ্রামীণ সড়কগুলোতে এখন যানবাহনের চলাচল অনেক বেড়েছে। কিন্তু চালকদের অসতর্কতা আর বেপরোয়া গতির কারণে প্রায়ই এই ধরণের ছোটবড় দুর্ঘটনা ঘটছে। তারা গ্রামীণ রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরমান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। একটি শিশুর এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো নিয়মিত মামলা করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।