Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

October 09, 2025 09:32:34 PM   অনলাইন ডেস্ক
চাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন। প্যানেলের পক্ষে ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন এবং এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

ছাত্রদল সমর্থিত প্যানেল আটটি প্রধান বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের ইশতেহার তৈরি করেছে। এর মধ্যে রয়েছে- শিক্ষা ও গবেষণার মাধ্যমে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাদ্য ও আবাসন নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা, পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম বৃদ্ধি এবং ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

প্রার্থীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যার কথা মাথায় রেখেই এই ইশতেহার তৈরি করা হয়েছে। তাদের দাবি, ইশতেহার বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসে পরিণত হবে।
এ বিষয়ে ‘মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা’ হিসেবে পরিচিত, ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “ক্যাম্পাসে সমস্যার শেষ নেই এবং রাতারাতি এর সমাধান সম্ভব নয়। তবে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং এক বছরের মধ্যে সাধ্যমতো সমাধানের চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল। আমরা ব্যক্তিগত বা দলীয় কারণে নয়, বরং শিক্ষার্থীদের অধিকারের কথা বলতে গিয়েই বারবার হামলা ও মামলার শিকার হয়েছি। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব। যদি আমাদের দলও এতে বাধা দেয়, আমরা দলের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের পাশেই থাকব।”