Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঘন কুয়াশার কারণে ঢাকার ৯টি ফ্লাইট অবতরণ করলো চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

ঘন কুয়াশার কারণে ঢাকার ৯টি ফ্লাইট অবতরণ করলো চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

January 02, 2026 03:00:44 PM   দেশেরপত্র ডেস্ক
ঘন কুয়াশার কারণে ঢাকার ৯টি ফ্লাইট অবতরণ করলো চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তার কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তিনি জানান, কুয়াশার প্রভাবে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ইতোমধ্যেই ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে।

ঢাকাসহ দেশের অন্যান্য অংশে শীত ও ঘন কুয়াশার প্রভাব বর্তমানে ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

সাথে বলা হয়েছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক ও আকাশপথে যাতায়াত কিছুটা বিঘ্নিত হতে পারে, তাই ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।