Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

May 09, 2026 08:35:58 PM   উপজেলা প্রতিনিধি
গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাইবান্ধায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, মুশফিকুর রহমান এবং একেএম হেদায়েতুল ইসলাম। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার রাজিব, সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট আটটি ধরণ এর ইভেন্ট ছিল। যার মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট উল্লেখযোগ্য। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

খেলার ফলাফলে দেখা যায়, কাবাডি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাদুল্লাপুর উপজেলা দল এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা। ক্রিকেটে বালক বিভাগে সাঘাটা উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা শিরোপা জিতেছে। ফুটবলে বালক বিভাগে পলাশবাড়ী উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দাবা বালক বিভাগে গোবিন্দগঞ্জ উপজেলার এফতেখারুল ইসলাম এবং বালিকা বিভাগে অহনা রাজভর বিজয়ী হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন। উল্লেখ্য যে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল। শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই প্রতি বছর এই ধরণের ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান।