Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

December 02, 2025 06:34:03 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় কুমিল্লায় ষষ্ঠ দিনের মতো কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

গত ২৭ নভেম্বর থেকে নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়সহ বিভিন্ন এতিমখানা ও মসজিদে এই কোরআন খতম ও দোয়া মাহফিল চলছে। এর ধারাবাহিকতায় ষষ্ঠ দিনেও দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে সংগ্রাম করে।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রতিটি ঘরে ঘরে দোয়া করার আহ্বান জানান তারা।

এসময় দলের কর্মী-সমর্থকরা আবেগাপ্লুত হয়ে প্রার্থনায় অংশ নেন। উল্লেখ্য, হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে কুমিল্লা-৬ আসনের নানা স্থানে দেশনেত্রীর সুস্থতা কামনায় এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে।