


নতুন বছরের প্রথম দিনেই দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন পাঠ্যবই। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর মাঝে পুরোনো বইয়ের পরিবর্তে নতুন বই বিতরণ করা হবে। তবে এ বছর কোনো উৎসব বা অনুষ্ঠান করা হবে না; শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে সরাসরি বই গ্রহণ করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ২০২৬ সালের বই বিতরণ উৎসব উদযাপন করা হবে না। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলা এই শোকে বই বিতরণে সব ধরনের উত্সব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, “এবার কোনো উৎসব হবে না। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে গিয়ে শিক্ষক থেকে বই পাবেন। ১ জানুয়ারি সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক থাকলেও সব কার্যক্রম চলবে। তবে সবাইকে কালো ব্যাজ ধারণ করতে হবে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনও নিশ্চিত করেছেন, প্রাথমিকের সব পাঠ্যবই আগেই স্কুলে পৌঁছে গেছে এবং ১ জানুয়ারি সব শিক্ষার্থী শতভাগ বই হাতে পাবেন।
এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, “আমরা চেষ্টা করছি, বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পারি। ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৬ শতাংশের বেশি বই দেশের বিভিন্ন উপজেলায় পৌঁছে গেছে। বাকি ৪৪ শতাংশ যত দ্রুত সম্ভব প্রস্তুত করে শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে।”
শিক্ষক ও মন্ত্রণালয় সব প্রস্তুতি নিয়েছে, যাতে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীরা কোনো অসুবিধা ছাড়াই তাদের পাঠ্যবই পায়।