


আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এই কর্মসূচিতে যুক্ত থাকায় দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে। দাবি পূরণ না হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে তাদের সংগঠনগুলোর।
শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে কর্মবিরতি শুরুর কথা থাকলেও ১১তম গ্রেডসহ অন্যান্য দাবিতে অগ্রগতি না হওয়ায় কর্মসূচি এগিয়ে আনা হয়েছে। ফলে আজ ২৭ নভেম্বর থেকেই সব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বর্জন করছেন।
এর আগে ৯ ও ১০ নভেম্বর শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ইতিবাচক কোনো সিদ্ধান্ত না মেলায় তারা পুনরায় আন্দোলনের পথে নামেন। তাদের মূল দাবি—সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৯টি এবং শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় এক কোটি শিক্ষার্থী। শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।