Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর জোড় ইজতেমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর জোড় ইজতেমা

December 02, 2025 12:03:06 PM   অনলাইন ডেস্ক
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘পুরানাদের জোড় ইজতেমা’ আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন।

সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত সকাল ৯টা ১৩ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া। ইজতেমার সময় ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা শেষ হওয়ার পর কয়েক হাজার চিল্লার জামাত এবং তিন চিল্লার জামাত আগামী ২–৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর পথে যাত্রা করেন। বাকি মুসল্লিরা নিজেদের মোকাম কাজ ও স্থানীয় মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।

আয়োজকরা জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের পরই টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে।