Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, নাম উঠেছে সাকিবেরও - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, নাম উঠেছে সাকিবেরও

December 02, 2025 11:36:19 AM   ক্রীড়া ডেস্ক
আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, নাম উঠেছে সাকিবেরও

আইপিএল মিনি অকশনকে সামনে রেখে জমে উঠেছে জল্পনা–কল্পনা। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নিলামে নাম তুলেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা—সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইপিএলে নয়টি মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের শীর্ষ ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে সর্বোচ্চ অর্থাৎ ২ কোটি রুপি। মোট ১৩ পৃষ্ঠার নথিতে ১৩৫৫ জন ক্রিকেটারের নাম রয়েছে, যাদের মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ শীর্ষ ক্রিকেট জাতিগুলোর তারকারা অন্তর্ভুক্ত।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ম্যাথিউ শর্ট, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও জেমি স্মিথ, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো আলোচনাসৃষ্টিকারী তারকারাও রয়েছেন নিলামে। তবে অবাক করার মতো বিষয় হলো—পাঞ্জাব কিংস থেকে রিলিজ হওয়া গ্লেন ম্যাক্সওয়েলের নাম নেই নথিতে।

এবারের নিলামে মুস্তাফিজসহ মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। তাদের দলে রয়েছে গ্রিন, স্মিথ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, থিকশানা, হাসারাঙ্গাসহ আরও অনেকে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও রয়েছে বড় নাম—মায়াঙ্ক আগরওয়াল, কে. এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণোই, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী ও উমেশ যাদবসহ অনেকেই থাকছেন উচ্চ ব্র্যাকেটে।

১৫ নভেম্বর পর্যন্ত রিটেনশন প্রক্রিয়া শেষ করেছে সবগুলো দল। এবারের মিনি অকশনে ১০ দলের হাতে রয়েছে মোট ২৩৭.৫৫ কোটি রুপি ব্যয়ের সুযোগ। ১৪ দেশের ক্রিকেটারদের অংশগ্রহণে এবারের নিলাম হতে যাচ্ছে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ও আলোচনামুখর।